প্রিন্ট এর তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৬
||
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রীর আশ্বাস
নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই আগের অবস্থায় ফিরে যাবে- প্রধানমন্ত্রী তারেক রহমান এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ফজলুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুৎ ওই অবস্থায় আগামীকাল রাতে ফিরে যেতে পারবো।
’তিনি বলেন, ‘এটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।’প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস ও প্রতিশ্রুতিগুলোর বাস্তব প্রতিফলন ব্যবসায়ীরা পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ছাড়াও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমের পরিচিত মুখ এবং ২০টির বেশি শীর্ষ ব্যবসায়ী সংগঠন, চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।বৈঠকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ফুটওয়্যার লেদার গুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© 2026 দিগন্ত বার্তা. সর্বস্বত্ব সংরক্ষিত।